সারাদেশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত উন্নতি আনতে হলে বেসরকারি খাতের কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে হবে। দেশে অনেক জায়গায় ব্যাঙের ছাতার মতো ক্লিনিক গড়ে উঠছে, যা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের আওতায় আনা জরুরি।”
তিনি বলেন, “স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। বেসরকারি খাতের সহযোগিতায় আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এজন্য প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”
প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব ডা. এ এম শামীম, ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনসহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।