ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও কৌশলগত ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৩৬তম ধাপের ব্যাপক ও বড় হামলা শুরু করেছে ইরান।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
কয়েক ঘণ্টা আগে আইআরজিসি এক ঘোষণায় জানায়, ‘ট্রু প্রমিজ ৪’ এর ৩৬তম ধাপে কদর, এমাদ ও খেইবার-শেকান ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর বলছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এই আক্রমণটি ‘সবচেয়ে তীব্র ও ভারী’ ছিল।
ইসরায়েল জানায়, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সনাক্ত করেছে এবং সেগুলো প্রতিহত করতে কাজ করছে।
সৌদি আরব জানায়, তারা তেলক্ষেত্রের দিকে অগ্রসর হওয়া পাঁচটি ড্রোনকে বাধা দিয়েছে ও ধ্বংস করেছে।
মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত বাহরাইনেও হামলার সাইরেন বেজেছে।
আইআরজিসি দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদর দপ্তরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে রয়েছে কুয়েতের ক্যাম্প আরিফজানকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র।