অর্থনীতি

‘বি’ ক্যাটাগরিতে উন্নীত সিলকো ফার্মা

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এর আগে কোম্পানিটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছিল।

বুধবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ বিনিয়োগকারীদের ১.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.১১ টাকা নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

এ লভ্যাংশ দেওয়া কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। বুধবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই ও সিএসই, যেটা আজ থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৯ সালে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০৫ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। সে হিসেবে মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৩৮ লাখ ৭ হাজার। সর্বশেষ হিসাব অনুযায়ী, কোম্পানিটি ৫.২৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.৩৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৮.৪০ শতাংশ শেয়ার রয়েছে।