ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ সুমনা বাদশা (৪৫) মারা গেছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌরসভার কিষাণনগর এলাকায় নিজ বাসার রান্নাঘরে গ্যাসের বিস্ফোরণে সুমনা বাদশা গুরুতর দগ্ধ হন। তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী বাদশা মিয়া (৫৬) এবং দুই ছেলে আবু বকর সিদ্দিক (১৬) ও আরাফাত (২২) দগ্ধ হয়। পরে আহত চারজনকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
নিহত সুমনার দেবর মো. আরিফ জানান, বুধবার ইফতারের ১০ মিনিট আগে চিকিৎসাধীন অবস্থায় সুমনার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার রাতে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে দেশলাই ধরানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন সুমনার শরীরে ছড়িয়ে পড়ে। তাঁকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই ছেলে আগুনে দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বিস্ফোরণের সময় রান্নাঘরের জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
স্থানীয় বাসিন্দা অসীম ঘোষ বলেন, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন রান্নাঘরের অবস্থা খারাপ এবং জানালার কাচ ভেঙে গেছে। তার ধারণা, লাইনের গ্যাসের চুলা খোলা থাকায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে আগুন ধরানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আগুনে সুমনা বাদশার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ছাড়া বাদশা মিয়ার ২ দশমিক ৫ শতাংশ, আবু বকর সিদ্দিকের ২ শতাংশ এবং আরাফাতের ১ শতাংশ দগ্ধ হয়েছে।