জাতীয়

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির ইফতার 

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিপুল সদস্যের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় এই ইফতার মাহফিলে সংগঠনটির বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা অংশ নিয়ে মূল্যবান বক্তব্য দেন।

বক্তারা বলেন, রাজশাহী বিভাগের আট জেলা এখনো অবহেলিত। কাজেই এলাকার উন্নয়নে ঢাকায় কর্মরত সাংবাকিদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দেন সদস্যরা।

নির্বাহী কমিটির সদস্য ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সদস্য পবন আহমেদ প্রমুখ।

এছাড়া রাজশাহী বিভাগের আট জেলার সাংবাদিক নেতারা মাহফিলে বক্তৃতা করেন।

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা হলো রাজধানী ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রাজশাহী বিভাগের আট জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা চার শতাধিক।