আন্তর্জাতিক

ইরানের সামরিক শক্তি ও হরমুজ প্রণালি নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান সংঘাতের চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র- এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) রাতে মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি এমন চাঞ্চল্যকর দাবি করেন। 

যুদ্ধের অগ্রগতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যুদ্ধক্ষেত্র থেকে আমাদের কাছে খুব ভালো খবর আছে। মূলত, তারা (ইরান) পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান বর্তমানে চরম বিপর্যয়ের মুখে পড়েছে।”

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তিনি বলেন, “তারা এখন খাদের কিনারে দাঁড়িয়ে আছে। এর মানে এই নয় যে আমরা এখনই সব শেষ করে দিচ্ছি, তবে তারা শেষ। তাদের এখন কোনো নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, এমনকি আকাশপথের ট্রাফিক নিয়ন্ত্রণের মতো কোনো প্রতিরক্ষাব্যবস্থাও নেই। তাদের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা এখন দেশটির ওপর দিয়ে মুক্তভাবে বিচরণ করছি।”

অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়ে তিনি বলেন, “আমরা তেহরানের বিভিন্ন অংশ এবং অন্যান্য জায়গায় আঘাত করতে পারি, কিন্তু তেমনটা করলে তাদের পক্ষে দেশটি পুনর্গঠন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। আর আমরা সেটা চাই না। তবে আমরা চাইলে তাদের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারি; মাত্র এক ঘণ্টার মধ্যে তাদের পুরো বিদ্যুৎ সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া সম্ভব, যা পুনর্গঠন করতে তাদের ২৫ বছর সময় লাগবে। আদর্শগতভাবে, আমরা তা করতে যাচ্ছি না।”

বিজয় লক্ষ্যমাত্রা নিয়ে তিনি বলেন, “সবচেয়ে বড় কথা হলো আমাদের জিততে হবে। দ্রুত জিততে হবে, কিন্তু জিততেই হবে... অনেকে বলছেন আমরা ইতিমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো- কখন? আমরা কখন থামব? আমরা চাই না এই সমস্যা আবার ডালপালা মেলুক।”

হরমুজ প্রণালী প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এখন আমরা প্রণালির (হরমুজ) দিকে খুব কড়া নজর দিতে যাচ্ছি। বর্তমানে প্রণালিটি বেশ ভালো অবস্থায় আছে।”

আল-জাজিরার খবর বলছে, একদিকে মার্কিন প্রেসিডেন্ট ইরান পরাজয়ের মুখে বলে দাবি করছেন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, তেহরান উল্টো যুদ্ধের জন্য আরও শক্তভাবে প্রস্তুতি নিচ্ছে।