ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলো বাস্তবসম্মত কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে, যুদ্ধের ‘গোলাপি ছবি’ আঁকছেন ট্রাম্প। খবর আল-জাজিরার।
ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ প্রায় শেষ এবং যুক্তরাষ্ট্র পূর্ণ সাফল্যের দ্বারপ্রান্তে। স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) রাতে মেরিল্যান্ড থেকে ওয়াশিংটন ডিসিতে পৌছাঁনোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি এমন চাঞ্চল্যকর দাবি করেন।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের নৌ ও বিমানবাহিনী ধ্বংস করছে এবং তেহরান এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালিতে কড়া নজরদারির প্রতিশ্রুতি দেন।
ট্রাম্পের মতে, হরমুজ প্রণালিতে ইরানের মাইন বা প্রতিকূলতা এখন মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি তেল কোম্পানিগুলোকে নির্ভয়ে এই পথ দিয়ে জাহাজ পাঠানোর আহ্বান জানান।
আল-জাজিরার খবর বলছে, মার্কিন প্রেসিডেন্টের এমন ‘মনোরম’ চিত্রের বিপরীতে সামরিক বিশ্লেষক ও আন্তর্জাতিক মহল ভিন্ন কথা বলছেন।
আল-জাজিরার ওয়াশিংটন ডিসির প্রতিবেদক জন হলম্যান জানান, ট্রাম্প বিভিন্ন তেল কোম্পানিগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নির্ভয়ে জাহাজ পাঠানোর আহ্বান জানাচ্ছেন। কিন্তু ট্রাম্পের অভয় দেওয়া সত্ত্বেও তেল কোম্পানিগুলোর প্রধানরা হরমুজ প্রণালিতে ইতিমধ্যেই পাঁচটি জাহাজের ওপর ইরানি হামলার আতঙ্ক ঝেড়ে ফেলতে পারছেন না।
ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি থেকে সব মাইন সরিয়ে ফেলেছে, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন- ইরান কেবল মাইনের সাহায্যেই হামলা করে না। তাদের মতে, সাবমেরিন বা বিস্ফোরকবাহী ছোট নৌকার মাধ্যমেও ইরান বড় ধরনের ঝুঁকি তৈরি করতে সক্ষম।
জন হলম্যান বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের একটি অত্যন্ত ‘মনোরম চিত্র’ তুলে ধরছেন এবং দাবি করছেন ইরান পরাজয়ের মুখে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, তেহরান উল্টো যুদ্ধের জন্য আরও শক্তভাবে প্রস্তুতি নিচ্ছে।”