সারা বাংলা

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমির আলী মহসিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নতুন আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।

বুধবার (১১ মার্চ) যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সভায় নবনির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করানো হয়। অধ্যাপক মাওলানা আবুল হাসেমের মৃত্যুতে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের পদটি শূন্য হয়েছিল।

কুষ্টিয়া জেলা জামায়াতের মিডিয়া সম্পাদক ও শহর জামায়াতের আমির এনামুল হক জানান, কুষ্টিয়া জেলার রোকনদের প্রত্যক্ষ ও গোপন ব্যালটে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ের রোকনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই ভোটে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন সর্বোচ্চ ভোট পেয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির নির্বাচিত হন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কুষ্টিয়া ও যশোর অঞ্চলের শীর্ষস্থানীয় জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেন নতুন আমিরকে অভিনন্দন জানান এবং ইসলামী সমাজ বিনির্মাণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।