বিনোদন

‘খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে মাকে খাওয়াতাম’

খুব অল্প বয়সে বাবাকে হারান ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ফলে দেবলীনার তিন ভাই-বোনকে একা হাতে মানুষ করেন তার মা। কিন্তু সেই মাকে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে খাওয়াতেন। কয়েক দিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান দেবলীনা। 

‘গোপী বৌমা’খ্যাত অভিনেত্রী দেবলীনা জানান, মায়ের অসুস্থতার কারণে খুব ছোট বয়সে দেবলীনাকে অনেক দায়িত্ব নিতে হয়। তিন ভাই-বোনের মধ্যে দেবলীনা সবার বড়। তখন তার বয়স মাত্র ১১ বছর। সেই সময়ে তার মা সিজোফ্রোনিয়ায় আক্রান্ত হন।  

অসুস্থ হয়ে পড়লে দেবলীনা তার মাকে একাই হাসপাতালে নিয়ে যেতেন। কেউ পাশে না থাকায় সবকিছু নিজেকেই শিখতে হয়েছে। মায়ের ওষুধ সময়মতো খাওয়ানো থেকে শুরু করে, মা যখন ওষুধ খেতে চাইতেন না তখন খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দিতেন। আর এ বিষয়টি খুব অল্প বয়সেই শিখে নেন বলেও জানান তিনি। 

মায়ের কঠিন জীবন নিয়ে দেবলীনা বলেন, “আপনি যদি আমার মায়ের জীবন দেখেন, তাহলে বুঝবেন একজন একা নারী কত কিছু করতে পারেন। আমার মায়ের অনেক স্বাস্থ্য সমস্যা আছে। বহু বছর আগে বাবা মারা যাওয়ার পর মায়ের নানারকম অসুস্থতা দেখা দেয়।” 

দেবলীনা তার মায়ের শারীরিক অসুস্থতা নিয়ে বলেন, “আমার মা দিনে অন্তত ১৮-১৯টা ওষুধ খান। তার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, থাইরয়েড আছে, সেই সঙ্গে কিছুটা সিজোফ্রেনিয়াতেও আক্রান্ত। সিজোফ্রেনিয়া মানে একধরনের বিভ্রম। রোগী মনে করে কেউ তার সঙ্গে কথা বলছে। আমরা কাউকে দেখি না, কিন্তু তারা মনে করে কেউ আছে এবং তাদের সঙ্গে কথা বলছে।” 

শুরুর দিকে ওষুধ খেতে চাইতেন না দেবলীনার মা। তাই কখনো কখনো খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দিতেন। এ অভিনেত্রী বলেন, “যখন পাশে কেউ থাকে না, তখন আপনার নিজেকেই বড় হতে হয়। খুব অল্প বয়সেই আপনি বুদ্ধিমান ও পরিণত হয়ে যান।”