ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন বিএনপির সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতে মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।
সংবিধান অনুযায়ী, বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করায় এবং হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় প্রথম অধিবেশন শুরু করতে একজন সভাপতি প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতিত্ব করার আহ্বান জানান। প্রস্তাবটি সমর্থন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিরোধী দলের পক্ষ থেকে এ প্রস্তাবের প্রতি সমর্থন জানান সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।