সারা বাংলা

বিয়ের ফাঁদে ফেলে নারীকে গণধর্ষণের অভিযোগ

নোয়াখালীর হাতিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (৩৫) গণধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ ক্ষেতের টং ঘরে ঘটনাটি ঘটে।

বুধবার রাতে এ ঘটনায় তিনজনকে আসামি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী। ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে তাকে।

পুলিশ সূত্র জানায়, ভুক্তভোগী নারী স্বামী পরিত্যাক্তা। তার আগে তিনটি বিয়ে হয়েছিল। বর্তমানে তিনি আবার বিয়ের জন্য পাত্র খুঁজছিলেন। কিছুদিন আগে ওই নারী পরিচিত এক ব্যক্তিকে তার জন্য নতুন করে বর ঠিক করতে বলেন। পরে ওই ব্যক্তি একটি মোবাইল নম্বর দিয়ে নারীকে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করলে ওই ব্যক্তি বিয়ের কথা বলে বাইরে দেখা করার প্রস্তাব দেয় এবং জানায়, তাকে তার খালার বাসায় নিয়ে যাবেন। 

বিয়ের প্রলোভনে মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যক্তি মোটরসাইকেলে করে নারীকে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ ক্ষেত পাহারার টং ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা আরো দুজনসহ তিনজন মিলে তাকে আটকে রেখে ধর্ষণ করে। ভুক্তভোগী নারী অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় পুলিশকে জানিয়েছেন।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, “মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা নেওয়া হয়েছে।”

তিনি জানান, অভিযুক্তদের মধ্যে একজনের নাম-ঠিকানা জানা গেছে। অন্য দুইজনকে শনাক্তের চেষ্টা চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।