সারা বাংলা

গোপালগঞ্জে মৌসুমের প্রথম বৃষ্টিপাত

গোপালগঞ্জে কয়েক দিনের গরমের পর বৃষ্টির দেখা মিলেছে। আজ বৃহম্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় বছরের প্রথম বৃষ্টিতে তপ্ত প্রকৃতি যেমন শীতল হয়েছে, তেমনি জনমনে স্বস্তি এসেছে।

জেলায় এক সপ্তাহ ধরে তাপমাত্রা চড়ছিল। গরমে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ দুর্ভোগ পড়ে। আজ বৃহস্পতিবার বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন হয়। এরপর শুরু হয় স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টিতে শহরের রাস্তাঘাট ভিজে যায় এবং গুমোট ভাব কেটে গিয়ে শীতল হাওয়া বইতে শুরু করে। জেলার বিভিন্ন স্থানে প্রায় এক ঘণ্টা বৃষ্টি হয়। 

রিকশা চালক সাইফুল মোল্যা বলেন, ‘‘রোদ আর গরমে আমাদের রিকশা চালানো দায় হয়ে পড়েছিল। সন্ধ্যায় বৃষ্টি হওয়ায় গরমের হাত থেকে রক্ষা পেলাম।’’ অপর রিকশা চালক সবুজ শেখ বলেন, ‘‘কয়েক দিন ধরে গরম পড়েছিল। রিকশা চালাতে কষ্ট হচ্ছিল। বৃষ্টি হওয়ায় গরমভাব কেটে যাওয়া ভালো লাগছে।’’ 

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, জেলায় আজ মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে। বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা এই ৩০ মিনিট পর্যন্ত জেলায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তিনি আরো জানান, জেলায় বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। আগামী ২-৩ দিন জেলাজুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।