নাটোরের গুরুদাসপুরে রোগাক্রান্ত গরু জবাই করে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১২ জন। তাদের শরীরে ফোড়ার মতো ক্ষত, ফোলা ও জ্বালাপোড়া দেখা দিয়েছে। এদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার (১২ মার্চ) তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামের মৃত মাঙ্গনের ছেলে আব্দুল গফুর সরকারের একটি গরু প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। যথাযথ চিকিৎসা না নিয়ে গ্রামের কয়েকজন মিলে গরুটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেন। পরে ওই মাংস কাটাকাটি, ধোয়া, রান্না ও খাওয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শরীরে কয়েকদিনের মধ্যেই বিভিন্ন উপসর্গ দেখা দিতে শুরু করে। তাদের হাত ও শরীরের বিভিন্ন স্থানে ফোড়ার মতো ক্ষত, ফোলা ও ব্যথা দেখা দেয়। অসুস্থদের মধ্যে রহিম, মোস্তফা, আসাদ, ছানা, রাহুল ও লাভলীসহ কয়েকজনের নাম জানা গেছে। এর মধ্যে তিনজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাছ আলী বলেন, “চলনালী গ্রামের কয়েকজন ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। তাদের শরীরে অ্যানথ্রাক্সের লক্ষণ থাকায় প্রাথমিকভাবে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য গুরুতর তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান বলেন, “অসুস্থ গরুটি জবাই করার বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল। পরে খবর পেয়ে প্রাণিসম্পদ দপ্তরের একটি দল ঘটনাস্থলে গিয়ে জবাই করা গরুর অবশিষ্ট সংরক্ষিত মাংস মাটিতে পুঁতে ফেলে।”
নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরফিন বলেন, “অ্যানথ্রাক্স সাধারণত আক্রান্ত পশুর সংস্পর্শে আসা বা সেই পশুর মাংস খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি স্বাস্থ্য বিভাগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে এলাকায় বিশেষ মেডিকেল দল পাঠানো হবে।”
তিনি আরো বলেন, “জনসাধারণকে সচেতন থাকতে হবে এবং অসুস্থ পশু জবাই বা তার মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। কোনো গবাদিপশু হঠাৎ মারা গেলে বা অস্বাভাবিক অসুস্থ হলে দ্রুত স্থানীয় প্রাণিসম্পদ দপ্তর ও স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে।”