প্রায় পাঁচ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে বাংলাদেশ কেমন করে সেই চ্যালেঞ্জ পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে উতরে গেছে। নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে ৮ উইকেটের অনায়েস জয়ে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে।
এখন সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ। আজ, শুক্রবার দ্বিতীয় ওয়ানডে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু দুপুর ২টা ১৫ মিনিটে। আজ জিতলেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের। সেই অপেক্ষাতেই পুরো দল, পুরো দেশ।
স্বাগতিকদের সাঁড়াশি বোলিংয়ের মুখে ৩০.৪ ওভারে ১১৪ রানে অলআউট শাহিন শাহ আফ্রিদির পাকিস্তান। জবাবে ওপেনার তানজিদ হাসান তামিমের দারুণ ব্যাটিংয়ে ১৫.১ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নাহিদ রানা গড়েন পাকিস্তানের বিপক্ষে দেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড।
প্রথম ম্যাচের ফলাফল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অভিজ্ঞতা এবং শক্তির পার্থক্য স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। বাংলাদেশ সফরে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে বাদ দিয়ে নতুন ক্রিকেটারদের সুযোগ দিয়েছে পাকিস্তান। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে তরুণদের সুযোগ দিয়েছে তারা। কিন্তু প্রথম ম্যাচে শোচনীয়ভাবে ম্যাচ হারে পাকিস্তান।
পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের মতে, পাকিস্তানকে ‘আউট অব সিলেবাস’ প্রশ্ন করেছিল বাংলাদেশ? সেটা কিভাবে? মিরপুরের উইকেটে ঘাসের ছোঁয়া ছিল। উইকেট ছিল বেশ শক্ত। গতিময় সেই ২২ গজে বাউন্স মিলেছে বেশ। উইকেট নিয়ে পাকিস্তান বিভ্রান্তিতে পড়েছিল বলে ধারণা আমিরের। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক এই তারকা পেসার বলেন, ‘‘একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছেন, বাংলাদেশ বেশ একটা স্মার্ট খেলা খেলেছে। আমরা ভেবেছিলাম, ওখানে টার্নিং উইকেট থাকবে। কিন্তু ওরা গতিময় উইকেট তৈরি করেছে। বলা হয় না যে, সিলেবাসের বাইরে প্রশ্ন চলে এসেছে! ওটাই হয়েছে পাকিস্তান দলের সঙ্গে। ওরা বাউন্সি উইকেট বানিয়েছে। ভালো বাউন্স ছিল।’’
অধিনায়ক কী বলছেন?
মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ
‘‘দুর্দান্ত শুরু ছিল। অনেকদিন পর আমরা ওয়ানডে ম্যাচ খেলেছি। চ্যালেঞ্জিং হলেও সবাই পরিস্থিতি ভালভাবে মানিয়ে নিয়েছে। আশা করি খেলোয়াড়দের কঠোর পরিশ্রমে আমরা সিরিজ জিততে পারব।’’
‘‘যেহেতু আমরা কালকের ম্যাচটা জিতেছি। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। যেহেতু আমাদের এ বছর ওয়ানডেতে অনেক বেশি ম্যাচ এবং আমাদের র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার আছে। যেহেতু শুরুটা ভালো হয়েছে খুবই ভালো লাগছে।’’
শাহিন শাহ আফ্রিদি, পাকিস্তান
‘‘আমরা যেভাবে সিরিজের শুরু করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। কিন্তু এখনও সিরিজের দু’টি ম্যাচ বাকি আছে এবং আমরা সিরিজে সমতা ফেরাতে আত্মবিশ্বাসী। এটি তরুণ দল এবং আমি শেষ পর্যন্ত তাদের সমর্থন করব। আমাদের সবার সাথে পারস্পারিক বোঝাপড়া গড়ে তুলতে হবে। ওয়ানডে ক্রিকেটে, ব্যাটিং বা বোলিং সবক্ষেত্রেই বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
মিরাজের উল্লাস, মিরাজের চ্যালেঞ্জ
ওয়ানডেতে ৫ ইনিংস পর বোলিংয়ে বাংলাদেশের অধিনায়ক সাফল্য পেয়েছেন। প্রথম ওয়ানডেতে ৭ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন। নিজের বোলিং নিয়ে মিরাজ কাজ করার কথা বলেছেন, ‘‘আমি বেশ কয়েক দিন ধরে বোলিং নিয়ে অনেক কাজ করেছি। মাঝখানে বোলিংটা নিয়ে একটু ভুগছিলাম। কিন্তু কোথায় আমার উন্নতি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি।’’
ব্যক্তিগত পারফরম্যান্স ধরে রাখার চ্যালেঞ্জও নিচ্ছেন মিরাজ, ‘‘যেহেতু এখানে আমরা ট্রু উইকেটে খেলছি এবং স্পিনার হিসেবে ট্রু উইকেটে বল করাটা একটু বেশি চ্যালেঞ্জিং। আমি যদি ভালো জায়গায় বল করতে পারি, লাইন-লেন্থ দুইটাই ঠিক রাখতে পারি। আমার কাছে মনে হয় সফল হওয়ার সুযোগ বেশি থাকবে।’’
পাকিস্তানের বিপক্ষে এর আগে ছয় দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ জিতেছে কেবল একবারই। ২০১৫ সালে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল। দ্বিতীয় সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের। আজ জিতলেই মিরাজ অ্যান্ড কোং নিশ্চিত করবে শিরোপা।