সারা বাংলা

চাটমোহরে দুর্বৃত্তদের গুলিতে আহত ২

পাবনার চাটমোহরে একটি চায়ের দোকানে বসে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হযেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড় এলাকায় হামলার শিকার হন তারা। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) ও মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। তারা পেশায় দিনমজুর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইফতারি শেষে লালনের মোড় এলাকায় রাজ্জাকের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম হোসেন ও সাজেদুল ইসলাম। এ সময় মুখোশধারী তিন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। সাজেদুল ইসলাম হাতে এবং নাঈম হোসেন তলপেটে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক বলেন, “গুরুতর অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, “আহত দুইজনকে রাজশাহীতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া চলমান।”