ক্যাম্পাস

শিগগিরই তারেক রহমানের সিদ্ধান্তেই আসবে নতুন নেতৃত্ব: জিসান

রাকিব–নাছিরের নেতৃত্বাধীন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ১ মার্চ। এর পর থেকেই সংগঠনটিতে নতুন নেতৃত্ব গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুই গুরুত্বপূর্ণ পদকে ঘিরে সংগঠনের ভেতরে চলছে নানা সমীকরণ, ও আলোচনা।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সভাপতি পদপ্রার্থী মমিনুল ইসলাম জিসান বলেন, “প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। নতুন কমিটি গঠনের বিষয়েও তিনি শতভাগ গুরুত্ব দিচ্ছেন। তার সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। ঈদের আগে অথবা পরে, যখনই তিনি সিদ্ধান্ত নেবেন, তখনই কমিটি গঠন করা হবে ।”

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি সরকারের সংসদের প্রথম অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

জিসান বলেন, “বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নে ছাত্রদল সব সময় রাজপথে এবং শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ভূমিকা রাখবে। একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

ইফতার মাহফিলে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন জেলা থেকে আসা এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন।