সারা বাংলা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ 

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শুরু হয়েছে ঈদযাত্রা। ফলে মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এলেঙ্গা বাসস্ট্যান্ডে নির্মাণাধীন উড়াল সেতু ও যমুনা সেতু পারাপারে যানবাহনের ধীর গতির কারণে যানজটের শঙ্কা করছেন যাতায়াতকারীরা। যানজট নিরসনে কাজ করার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। 

এই মহাসড়ক ব্যবহারকারীরা জানান, গত কয়েকদিন ধরে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের মানুষ। ফলে মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘরমুখো মানুষের চাপ দেখা যাচ্ছে। পাশাপাশি মহাসড়কে ডাকাতির শঙ্কাও রয়েছে।

সরেজমিন দেখা যায়, এলেঙ্গা বাসস্ট্যান্ডে যানবাহনের ধীর গতি। মহাসড়কের অন্য অংশে ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে যানবাহন চললেও এলেঙ্গাতে চলছে সর্বোচ্চ ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে। এতে ভ্যাপসা গরমে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

পাবনাগামী একটি বাসের চালক কাজল সরকার বলেন, “চন্দ্র থেকে এলেঙ্গা পর্যন্ত সার্ভিস লেনসহ ছয় লেন। আবার ময়মনসিংহ সড়কের যানবাহনগুলো যখনা যমুনা সেতু সংযোগ সড়কে ওঠে, তখন ধীর গতি থেকে যানজটের সৃষ্টি হয়। এতে আমাদের ১৫ থেকে ২০ ঘন্টা ভোগান্তি পোহাতে হয়। পুলিশের নজরদারি আরো বাড়ানো উচিত।”

অপর বাসচালক ইয়াসিন মিয়া বলেন, “এলেঙ্গা বাসস্ট্যান্ডে সড়কে ফ্লাইওভারের কাজ করা হচ্ছে। স্বাভাবিক সময়েই এলেঙ্গা বাসস্ট্যান্ডে ধীর গতি থাকে। ঈদযাত্রায় তা বেড়ে যায় কয়েক গুণ। ফ্লাইওভারের কারনে যানজটে ভোগান্তি পোহাতে হতে পারে।”

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মো. শরিফ জানান, মহাসড়কে যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে ও ডাকাতিরোধে তারা রাতদিন কাজ করছেন।”