অমর একুশে বইমেলা-২০২৬ এ পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড প্রকাশ করেছে কথাশিল্পী স্বকৃত নোমানের ‘মহাভারতে রাজ্যশাসন : রাষ্ট্রনায়কের প্রতি’।
সাহিত্যের ইতিহাসে এমন কিছু গ্রন্থ আছে, যেগুলো কেবল কাহিনি নয়— মানুষের বোধ, অভিজ্ঞতা ও প্রজ্ঞার এক অনন্য সংরক্ষণাগার। মহাভারত তেমনই এক মহাকাব্য। স্বকৃত নোমানের ‘মহাভারতে রাজ্যশাসন রাষ্ট্রনায়কের প্রতি’ সেই প্রজ্ঞাভান্ডারেরই এক নতুন পাঠ, যেখানে মহাভারতের রাজনীতি ও রাষ্ট্রদর্শন সমকালীন ব্যাখ্যায় নতুনভাবে উন্মোচিত হয়েছে।
আমরা সাধারণত মহাভারতকে যুদ্ধ, বীরত্ব কিংবা পারিবারিক দ্বন্দ্বের কাহিনি হিসেবেই দেখি। কিন্তু এই মহাকাব্যের অন্তরালে রয়েছে রাষ্ট্রচিন্তা ও শাসনদর্শনের এক বিস্তৃত জগৎ। বিদুরের প্রজ্ঞা, দেবর্ষি নারদের দূরদৃষ্টি, ভীষ্মের রাষ্ট্রদর্শন কিংবা কণিকের রাজনৈতিক বোধ— এই সবকিছু মিলিয়ে মহাভারত হয়ে ওঠে আদর্শ রাষ্ট্রনায়ক তৈরির এক অনন্য পাঠশালা। লেখক সেই ছড়িয়ে থাকা রাজনীতি, নৈতিকতা ও রাষ্ট্রচিন্তার অগণিত শিক্ষা ও উপদেশগুলোকে নতুন বিন্যাসে এমনভাবে উপস্থাপন করেছেন, যাতে বিষয়গুলো হয়ে ওঠে সহজপ্রাপ্য ও অনুধাবনযোগ্য।
বইমেলায় এটি পাওয়া যাবে ৭৮৫-৭৮৯ নম্বর স্টলে।