এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ মার্চ) ভোররাতে উপজেলার ডোমঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। সাইফুল্লাহ ডোমঘাটা গ্রামের আলী হোসেন ব্যাপারীর ছেলে।
ময়মনসিংহ জেলা ছাত্রশক্তির সংগঠক আলী হোসেন বলেন, “ভোররাতে সাইফুল্লাহ বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাইফুল্লাহর বাড়িতে লাকড়ির ঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরো বলেন, “দুর্বৃত্তরা শুধু আগুন দিয়ে থামেনি। সাইফুল্লাহর বসতঘর কুপিয়ে এক পাশের বেড়া ভেঙে ভেঙে ফেলেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।”
গত ৯ মার্চ ভোররাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে। মারধরের পর তাঁকে শাহবাগ থানায় রেখে আসা হয়। ওই সময় তাকে নিয়ে একটি ফেসবুকে পোস্ট দেন ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহ।
পোস্টে তিনি বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি। শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি। লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।’ পরবর্তী সময়ে তিনি এই ফেসবুক পোস্টটি তার আইডি থেকে ডিলিট করে ফেলেন।