সারা বাংলা

পুকুর সেচতে গিয়ে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের কচুরিপানার নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চরপার্বতী ইউনিয়নে মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে পুকুরে মাছ ধরার জন্য সেচ মেশিন বসানো হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পানি কমে গেলে স্থানীয়রা মাছ ধরার প্রস্তুতি নিতে কচুরিপানা সরানোর সময় একটি মরদেহ দেখতে পান।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, “মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি প্রায় এক মাস আগের। মরদেহ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক পঞ্চাশ বছর বা তার চাইতে একটু বেশি হবে।”