তপ্ত রোদ আর ভ্যাপসা গরমের পর অবশেষে রাজধানী ঢাকায় দেখা মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টির। এতে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ পর হয় ঝুম বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার খবরও পাওয়া গেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বছরের প্রথম এই প্রাক-মৌসুমি বৃষ্টিবলয়ের নাম দেওয়া হয়েছে ‘গোধূলি’। এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে।
রাজধানীর ধানমন্ডিতে বৃষ্টিতে ভিজতে দেখা যায় শিক্ষার্থী নাইম হাসানকে। তিনি বলেন, “ভ্যাপসা গরমের পর বৃষ্টিতে স্বস্তি লাগবে, তাই আজ বৃষ্টিতে ভিজলাম।”
এদিকে, আজ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং তা অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।