প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, “সাংবাদিকরা সব সময়ই মাথা উঁচু করে কথা বলবেন। যেখানে সম্মান পাওয়া যাবে না, সেখান থেকে সরে আসতে হবে। কখনো ছোট হওয়া যাবে না।”
শুক্রবার (১৩ মার্চ) বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান রুমন বলেন, “সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ অনুদান বা সম্মানী নয়; এটা সাংবাদিকদের প্রাপ্য। গত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সাংবাদিকরা লেখার মাধ্যমে যে লড়াই চালিয়ে গেছেন এবং সফল হয়েছেন—এটা তার স্বীকৃতি। কাজেই এটাকে ছোট করে দেখার সুযোগ নেই।”
বগুড়া প্রেস ক্লাব প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বগুড়া প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রী।”
আতিকুর রহমান রুমন আশা প্রকাশ করেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই বগুড়া প্রেস ক্লাবের কাজ সম্পন্ন হবে এবং উদ্বোধনও হবে।”
তিনি আরো বলেন, “এখন আবেগ নয়, বাস্তবতার ভিত্তিতে এগোতে হবে। অতীতে আবেগ দিয়ে আন্দোলন করা হয়েছে, কিন্তু এখন বাস্তবমুখী হয়ে উন্নয়নের পথে এগোতে হবে।”