রাজনীতি

মির্জা আব্বাস জাতীয়তাবাদী রাজনীতির লড়াকু সৈনিক: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, “মির্জা আব্বাস বর্তমানে একটি সার্জারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির লড়াকু সৈনিক। দেশে দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামে তার ও বিএনপির অবদান অনস্বীকার্য। একজন সংসদ সদস্য হিসেবে আমি আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে সংসদে ফিরে আসবেন এবং দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা রাখবেন।”

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “রাজনীতিতে আলোচনা-সমালোচনা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাদানুবাদ থাকবেই। তবে, সাধারণ মানুষের প্রত্যাশা হলো—সৌহার্দ্যপূর্ণ রাজনীতি। দেশের স্বার্থে গঠনমূলক সিদ্ধান্ত নিতে যেন এমন কোনো বৈপরীত্য তৈরি না হয়, যা আমাদের ঐক্যে বাধা দেয়। এনসিপি সব সময় সৌহার্দ্যের রাজনীতি চর্চা করতে চায়।”

তিনি বলেন, “আমরা এবং বিএনপি একইসঙ্গে সংসদে গিয়েছি। তবে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমাদের শপথ নেওয়া এবং তাদের শপথ না নেওয়ার মতো কিছু পার্থক্যের জায়গা রয়েছে। এই ভিন্নতা নিয়ে আমরা কথা বলছি। শেষ পর্যন্ত জনগণই সবকিছুর নির্ধারক। আমরা চাই না, বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ‘হাসিনা মডেল’ ফিরে আসুক, যেখানে রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। মানবিক ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে এনসিপি তার ভূমিকা পালন করে যাবে।”

এনসিপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, “ফ্যাসিবাদ ও তাদের দোসরদের সঙ্গে আমাদের আপসের কোনো জায়গা নেই। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে এসেছেন, সেসব শক্তির সঙ্গে আমাদের পলিসির ভিন্নতা থাকলেও রাজনৈতিক সৌহার্দ্য অটুট থাকবে। আমরা একে অপরের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছি। এই পারস্পরিক যোগাযোগ সামনের দিনেও অব্যাহত থাকবে।”