খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘কঙ্গ থেকে বঙ্গ’। ঈদের দিন থেকে ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি।
গল্পে দেখা যাবে, গাজীপুরের নুহাশ পল্লীর পাশেই অবস্থিত আধুনিক অবকাশকেন্দ্র ‘দখিন দুয়ার’। সেখানে অবসর সময় কাটাতে যান ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা আফজাল হোসেন এবং আলোচিত চরিত্র শরিফ সিঙ্গাপুরী। দখিন দুয়ারের মনোরম পরিবেশ তাদের এতটাই ভালো লাগে যে কয়েকদিন সেখানেই থাকার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু প্রথম রাতেই ঘটে যায় রহস্যময় ও ভয়ঙ্কর কিছু ঘটনা। আর সেখান থেকেই শুরু হয় নতুন এক অভিযানের গল্প।
ধারাবাহিকটি নির্মাণ করেছেন আফজাল হোসেন। এতে অভিনয় করেছেন ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা, সরুপা বিথী, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন, জ্যাকসহ আরও অনেকে। আর ‘ছোটকাকু’ চরিত্রে দেখা যাবে আফজাল হোসেনকে।
রহস্য, রোমাঞ্চ আর অভিযানের মিশেলে নির্মিত এই ধারাবাহিকটি ঈদের বিশেষ আয়োজন হিসেবে দর্শকদের জন্য ভিন্ন স্বাদের বিনোদন নিয়ে আসবে বলে আশা নির্মাতাদের।