সারা বাংলা

প্রথম সম্মানি ডেঙ্গু প্রতিরোধে দিলেন এমপি ওয়াহাব

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম বাস্তবায়নে একজন সংসদ সদস্য হিসেবে সরকারিভাবে প্রাপ্ত প্রথম সম্মানি ভাতা দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা শেষে তিনি এ কথা বলেন।  

সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। আমরা বিশ্বাস করি, যেকোনো কাজ আগাম প্রস্তুতি নিয়ে বাস্তবায়ন করলে সফলতা পাওয়া যায়। এ কারণে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে বর্তমান সরকার প্রশাসন এবং জনগণকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘এই কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য একজন সংসদ সদস্য হিসেবে সরকারিভাবে প্রাপ্ত আমার প্রথম সম্মানি ভাতা বরাদ্দ করছি। যথা সময়ে তা জেলা প্রশাসকের কাছে পৌঁছে যাবে।’’   

সংসদ সদস্য আরো বলেন, ‘‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম মানুষ পর্যবেক্ষণ করছে, যা ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমরা তাঁর এই ভালো কাজগুলো এগিয়ে নিতে বদ্ধপরিকর।’’ 

মশক নিধনে যদি আরো ভালো মানের ঔষধ পাওয়া যায়, তা সংগ্রহ করতে উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান জানান এমপি ওয়াহাব আকন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, নবাগত এসপি কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানাতুল ফেরদৌস হ্যাপী প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ইতোমধ্যে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। চলতি মৌসুমজুড়ে সপ্তাহের প্রতি শনিবার এই কার্যক্রম নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে নিয়মিত চলবে। 

এক্ষেত্রে নগরবাসীর জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।