কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে কৃষক মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শিলাবৃষ্টি হয়। তবে শিলাবৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি বলে স্থানীয়রা জানিয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক ছবরুল আলী জানান, হঠাৎ সন্ধ্যার পরে বৃষ্টির সঙ্গে শিলা পড়ে। যদিও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩ থেকে ৪ মিনিটের মতো হয়েছে।
তিনি জানান, শিলাবৃষ্টি দেখে খুব ভয় পেয়ে যান। যদি এটি আরো কিছুক্ষণ চলত, তাহলে তার ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারত। তারপরও কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে তার।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।