সারা বাংলা

খারাপ লোক পুলিশে থাকবে না: আইজিপি 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, “আমাদের পুলিশের লোকও অনেকেই মাদকের সঙ্গে জড়িত৷ আমি রোহিঙ্গা ক্যাম্পে গত এক বছরে অনেকবার ভিজিটে গিয়েছি। সেখানেও দেখেছি, আমাদের পুলিশের লোক মাদকের সঙ্গে জড়িত। আমরা চেষ্টা করছি, পুলিশে যে খারাপ লোকগুলা রয়েছে, যারা আইন মানে না, এসব খারাপ কাজে জড়িত হয়, তারা পুলিশে থাকবে না৷” 

শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর পুলিশ লাইনে এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। 

আইজিপি বলেন, “আমরা আগে দেখতাম— ওসি সাহেবরা এলাকার প্রেসিডেন্ট, উনিই সবকিছু, উনিই ক্ষমতার মালিক। এটি আর চলবে না৷ আপনি সেবক, জনগণকে আপনি সেবা দেবেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। জনগণ যে কাজেই থানায় আসুন না কেন, পুলিশ জনগণকে সন্তুষ্ট করে বিদায় করবে৷ আমাদের থানার রিসিপশনটাই তো খারাপ৷ বাদী-বিবাদী দুই পক্ষ থেকেই টাকা নেওয়ার প্রবণতা ছিল। তাদের সেই নেতৃত্বের কারণেই, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, পলাতক জীবনযাপন করছে। এটা আমার পুলিশ বাহিনী কিন্তু জানে৷ ওই ইতিহাস থেকে আমার পুলিশ বাহিনীকে শিক্ষা নিতে হবে৷ যদি শিক্ষা না নেয়, তাহলে এ সময় দু‘-চারজন যারা রয়েছে, তারাও শাস্তি পাবে৷” 

তিনি বলেন, “গাজীপুর ও চিটাগাং হচ্ছে আমাদের অর্থনীতির লাইফলাইন। এখানে যদি আমরা ঠিক না রাখতে না পারি, তাহলে অর্থনীতি বলেন, জীবনযাত্রার মান বলেন, শান্তি বলেন, ন্যায়বিচার বলেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বলেন, কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। এই গাজীপুরে ২০টি বস্তি রয়েছে, যেখানে মাদকের ছড়াছড়ি। আমাদের সন্তানেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এটার কি আমরা খবর রাখি? পরিবারের সদস্যরা কেউ কি খবর রাখে, কেউ রাখে না। সন্তানরা দরজা বন্ধ করে খারাপ ছবি দেখছে, নেশায় জড়িয়ে যাচ্ছে, তারা হতাশায় জড়িয়ে যাচ্ছে। মাদক তরুণসমাজকে পঙ্গু করছে৷ আমাদের ভবিষ্যত নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ছে।”

সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি  গাজীপুর-১ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। 

এ সময় গাজীপুর পুলিশ সুপার সফিক উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।