বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর বাজারের পানের হাটে হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত সোহাগ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। মোল্লাহাট বাজারে তার ডেউটিনের দোকান আছে।
স্থানীয় সূত্র জানায়, রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সোহাগ। বাজারের পশ্চিম পাশের সড়কে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে সোহাগ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানকার চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল বলেন, “হাসপাতালে আনার আগেই সোহাগ শেখ মারা যান।”
মোল্লার থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, “দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি করে ব্যবসায়ী সোহাগ শেখকে। ধারণা করছি, তার শরীরে তিনটি গুলি লেগেছে। মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।”
এর আগে, গত ৭ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলাস (২৭) নামের এক যুবককে উদ্ধার করেন স্থানীয়রা। তাকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ নূর ইসলাম মোল্লাহাট উপজেলা সদরে শেখ ট্রেডার্স নামের একটি স্যানিটারি ও হার্ডওয়ারের দোকানে বিক্রয় প্রতিনিধি।