চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণের ঘটনায় আব্দুল মালেক (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) রাতে চরবাগডাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মামলায় মোট ৭ জন গ্রেপ্তার হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, “আব্দুল মালেক মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে।”
গত ১৪ ফেব্রুয়ারি ভোরে ককটেল বানানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আল-আমিন ও জিহাদ নামে দুই যুবক নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।
এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৮-১০ জনকে আসামি করে মামলা করেছেন।