পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই বন্দর দিয়ে সকল প্রকার পণ্য আনা-নেওয়া বন্ধ থাকবে।
সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোহা. আরিফ উদ্দিন ইতির স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানিয়েছে।
বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, দীর্ঘ এই ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই সময়ে বন্দরের অভ্যন্তরীণ কিছু পণ্য লোড-আনলোড, পরিবহনসহ অন্যান্য কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও সোনামসজিদ-মহদীপুর রুটে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ও কাস্টমস প্রক্রিয়া যথানিয়মে চলমান থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম।
তিনি বলেন, স্থলবন্দরের কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের দুই দেশে যাতায়াত অব্যাহত থাকবে।