কারখানা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ এবং ঈদের আগে সব পাওনাদি পরিশোধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।
রবিবার (১৫ মার্চ) বিকেলে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে কারখানার বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
শ্রমিকদের অভিযোগ, আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবস্থিত উইলিয়ামস সোয়েটারস লিমিটেড কারখানায় তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সম্প্রতি কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি প্রায় ৫০ কিলোমিটার দূরে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শ্রমিকদের চাকরি ছাড়তে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
শ্রমিকেরা জানান, হঠাৎ করে এত দূরে কারখানা স্থানান্তরের সিদ্ধান্তে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অধিকাংশ শ্রমিক দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় বসবাস করছেন এবং তাদের সন্তানরা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছে। ফলে নতুন এলাকায় গিয়ে কাজ ও বসবাস করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে শ্রম আইন অনুযায়ী বকেয়া পাওনা পরিশোধ এবং শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে তারা বাইপাইল ত্রিমোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ। সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। এ সময় শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান, শ্রমিক মো. শাহাজাহান ও মো. রাজা মিয়া বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, ন্যায্য দাবি জানাতে গেলে শ্রমিকরা হুমকি-ধমকি ও নানা ধরনের চাপের মুখে পড়ছেন। দ্রুত এসব কার্যক্রম বন্ধ করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনা ঈদের আগে পরিশোধের দাবি জানান তারা।