সারা বাংলা

নারায়ণগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ২

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে মারধরের শিকার হয়েছেন রেলওয়ে পুলিশের দুই সদস্য। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- শহরের গলাচিপা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে অনিক (২৮) ও একই এলাকার হারুন শেখের ছেলে মিস্টার (২৬)।

পুলিশ জানিয়েছে, আহত এসআই মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, “নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মিজান ও কনস্টেবল আরিফ উকিলপাড়ায় থানকাপড় মার্কেটের সামনে থেকে দুজনকে গাঁজাসহ আটক করে। তাদের ছড়িয়ে নিতে স্থানীয়রা রেলওয়ে পুলিশ সদস্যের ওপর হামলা চালায়।”

তিনি বলেন, “এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।”