সারা বাংলা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বলরামপুরে উৎসবের আমেজ

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর থেকে দেশের ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচি সোমবার (১৬ মার্চ) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে এলাকাবাসীর পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে এক নজর দেখতে উদগ্রীব হয়ে আছে পুরো এলাকা।  

এলাকাবাসী জানান, তারেক রহমান সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশের ৫৩টি স্থানে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। ইতোমধ্যে সভামঞ্চ প্রস্তুত করা হয়েছে। সবাই প্রধানমন্ত্রীকে দেখতে উদগ্রীব হয়ে আছেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আজ বিমানযোগে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসে তিনি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামক স্থান থেকে একযোগে দেশের ৫৩টি স্থানের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী খাল সমূহ শ্রমিকদের মাধ্যমে খনন করা হবে। ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে। এর মাধ্যমে কর্মমুখী মানুষের শহরমুখী হওয়া রোধ হবে এবং উত্তরাঞ্চল মরুকরণ থেকে রক্ষা পাবে।”

প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, খাল খনন উদ্বোধন শেষে বেলা সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে নানা-নানি, খালাসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তারেক রহমান। বিকেল ৫টায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশ শেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন। সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।