ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার এক মাস পার হলেও দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর কাছ থেকে এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা পড়েনি। এ অবস্থায় প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্কতামূলক চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার(১৬ মার্চ) ইসির কর্মকর্তারা জানান, নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী ভোটগ্রহণ শেষ হওয়ার এক মাসের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্বাচনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার বিধান রয়েছে। তবে এখনো অনেক সংস্থা বিস্তারিত প্রতিবেদন জমা দেয়নি। এ কারণে তাদের দ্রুত প্রতিবেদন জমা দিতে তাগিদপত্র পাঠানো হবে। এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “নির্বাচন শেষে দেশীয় পর্যবেক্ষকরা একটি সংক্ষিপ্ত প্রতিবেদন জমা দিলেও এখনো বিস্তারিত প্রতিবেদন পাওয়া যায়নি। তাই একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদের সতর্কতামূলক চিঠি দেওয়া হবে। এরপর কেউ প্রয়োজন হলে সময় চাইতে পারবে। তবে নির্ধারিত সময়ের মধ্যেও যদি প্রতিবেদন জমা না দেয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরো বলেন, “আইনগত বিধান থাকলে প্রতিবেদন জমা না দেওয়া পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বাতিলের ব্যবস্থাও নেওয়া হতে পারে।” নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা ২০২৫ অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার সাত দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন এবং এক মাসের মধ্যে EO-4 ফরমের ভিত্তিতে নির্বাচনের সামগ্রিক চিত্র তুলে ধরে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হয়। ওই প্রতিবেদনে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাপনা আরও উন্নত করার বিষয়ে সুপারিশও যুক্ত করার কথা বলা হয়েছে।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন দেশীয় পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করেছেন।