২০২৩ সালের ঘরের মাঠে শিরোপার খুব কাছে গিয়েও ট্রফি ছুঁতে না পারার আক্ষেপ এখনো তাড়িয়ে বেড়ায় ভারতীয় ক্রিকেটারদের। সেই আক্ষেপ ঘুচিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়কেই এখন নিজের এবং দলের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন ভারতের ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। বিসিসিআই-এর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে নিজের এই স্বপ্নের কথা জানান তিনি।
২০২৩ বিশ্বকাপে টানা ১০ ম্যাচ অপরাজিত থেকেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেই স্মৃতি স্মরণ করে গিল বলেন, ‘‘অবশ্যই ওটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। গতবার ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে আরেকটি সুযোগ পাওয়া আমাদের জন্য দারুণ এক সম্ভাবনা হবে।’’
তিনি আরও যোগ করেন, ‘‘দেশের হয়ে যেকোনো ফরম্যাটে বিশ্বকাপ জেতাই একজন ক্রিকেটারের পরম লক্ষ্য। স্বাভাবিকভাবেই সেই চিন্তাটা মাঝেমধ্যেই আমার মাথায় ঘোরে।’’
২০২৭ সালের অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া; এই তিন দেশের যৌথ আয়োজনে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। মোট ১৪টি দল অংশ নেবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে।
টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি সম্প্রতি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন, তিনিও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে নিজের আবেগের কথা জানিয়েছেন। তার মতে, জীবনে কোনো একটি ম্যাচ নতুন করে খেলার সুযোগ পেলে তিনি ২০২৩ সালের সেই ফাইনালটিই বেছে নিতেন এবং সেখানে জয় ছিনিয়ে আনতে চাইতেন।
সূর্যকুমার মনে করেন, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ছিল ভারতের ক্রিকেটে এক বড় পরিবর্তনের শুরু। তিনি বলেন, ‘‘আমার মনে হয় আমাদের কেবল একটা স্ফুলিঙ্গ বা একটা বড় পদক্ষেপের প্রয়োজন ছিল, যা আমরা ২০২৪ সালে অর্জন করেছি। এরপর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, একই বছর নারী দলের ওয়ানডে বিশ্বকাপ জয় এবং ২০২৬ সালে পুরুষ দলের সাম্প্রতিক সাফল্য- সবই সেই ধারাবাহিকতার ফল।’’
তিনি আরও বলেন, ‘‘আইসিসি ট্রফি জেতার জন্য ঠিক কী প্রয়োজন, সেই স্বাদটা পাওয়া সবার জন্যই জরুরি ছিল। এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই। যেহেতু এই চমৎকার জয়যাত্রা শুরু হয়েছে, এখন আমাদের লক্ষ্য হবে যত বেশি সম্ভব ট্রফি নিজেদের ক্যাবিনেটে জমা করা।’’