সারা বাংলা

ঈদের পর বাজারদর যাচাইয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা দামের মধ্যে সামঞ্জস্য রাখতে ঈদের পর একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১৬ মার্চ) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে কাদিরপুর-চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “পাইকারি ও খুচরা দামের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই। তবে, সেই ব্যবধান যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

দেশে বাণিজ্য ঘাটতির বিষয়ে তিনি বলেন, “স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় বেশি। ভবিষ্যতে এ ঘাটতি কমাতে সরকার কাজ করবে।”

সৌদি আরব থেকে জ্বালানি তেল আমদানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “জ্বালানির চাহিদা মেটাতে সরকার চুক্তির বাইরে নয়, বরং স্পট মার্কেট থেকে তেল কিনেছে।”

এর আগে, দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।