অর্থনীতি

ঈদের আগে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আগে সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন, ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমলেও সিএসইতে বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। সোমবার সকাল থেকেই সূচকে উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেনে শেষ হওয়া পর্যন্ত সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৪.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৩.৯৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৯.৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮০.৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.৬৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫০.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৫৩টি কোম্পানির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত আছে ৬২টির।

এদিন ডিএসইতে মোট ৪৬০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৭.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১৬৫.৮২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৫০.৩৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৯.৯৮ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.০৪ পয়েন্ট বেড়ে ৯১১ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৫.৮৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৮.৮৬ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৯টি কোম্পানির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।

দিন শেষে সিএসইতে ৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশের পুঁজিবাজারেও পড়ে। এতে করে যুদ্ধের প্রথম ৬ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচকটি কমে ৫৯১ পয়েন্ট। সেখান থেকে পরবর্তী ৪ কার্যদিবসে (৯-১২ মার্চ) মূল্যসূচকটি বাড়ে ৩৫৯ পয়েন্ট। তবে চলতি সপ্তাহ পতন দিয়ে শুরু হলেও ঈদের আগে শেষ কার্যদিবস উত্থান হয়েছে।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন দেশের পুঁজিবাজার বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকছে দুই দিন। রমজান মাস ও ঈদের ছুটি শেষে অফিসের সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে। আগামী ২৪ মার্চ থেকে উভয় পুঁজিবাজারে নিয়মিত লেনদেন ও দাফতরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।