র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানে (র্যাব) নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি), এপিবিএনসহ বিভিন্ন দপ্তরে রদবদল করা হয়েছে। নতুন সরকারের অধীনে প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় নেতৃত্বের পরিবর্তন করেছে সরকার।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র্যাবের নতুন মহাপরিচালক করা হয়েছে। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে এসবির ডিআইজি মনিরুজ্জামানকে।
এসবি প্রধানের দায়িত্ব পেয়েছেন পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিন। পুলিশ সদর দপ্তরের আরেক অতিরিক্ত আইজি মোসলেহ্ উদ্দিন আহমদকে করা হয়েছে সিআইডি প্রধান। বর্তমান সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ছিবগাত উল্লাহকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার অতিরিক্ত আইজি হাসিব আজিজ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রধানের দায়িত্ব। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী।
এছাড়া আরো তিন আদেশে দুই ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৫ জনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এক আদেশে পুলিশ অধিদপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে একই কর্মস্থলে অতিরিক্ত আইজি হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্য আদেশে সুপার নিউমারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজি জি এম আজিজুর রহমানকে পুলিশের বিশেষ শাখা থেকে পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরেক আদেশে পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি এবং একজনের বদলি আদেশ বাতিল করা হয়েছে।
বদলি আদেশ বাতিল হওয়া কর্মকর্তা হলেন ডিএমপির উপকমিশনার মোস্তাক সরকার। তাকে খাগড়াছড়িতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল। এখন সেই দায়িত্ব পেয়েছেন সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খান। আর তার স্থলাভিষিক্ত হয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক।
মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান পেয়েছেন মাদারীপুরের দায়িত্ব। আর মাগুরার এসপি হয়েছেন ডিএমপির উপ কমিশনার মোল্লা আজাদ হোসেন।