সারা বাংলা

বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান নেই: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, “বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। যে কেউ অন্যায় কাজ করলে, তাকে আইনের আওতায় আনা হবে। জনগণের কল্যাণে আমরা নির্বাচনকালীন প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।” 

সোমবার (১৬ মার্চ) দুপুরে নড়াইল সার্কিট হাউজে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, “বিএনপি সরকার গঠনের সাথে সাথে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করেছেন। নারীদের ক্ষমতায়তনের জন্য এটি সুদূরপ্রসারী পদক্ষেপ। বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। কে আমাদের ভোট দিয়েছে আর কে দেয়নি, এখন সেই প্রশ্ন তোলার সময় নয়। আমাদের দায়িত্ব হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের সেবা করা।” 

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সকল ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের দোরগোঁড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হবে আমাদের রাজনীতির মূল স্বার্থকতা।” 

নিতাই রায় চৌধুরী আরো বলেন, “সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এই অঞ্চলের আর্থ-সামাজিক চিত্র বদলে দেওয়া হবে। বিশেষ করে, নদী-নালা ও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটানো এবং স্থানীয় অবকাঠামোর আমূল পরিবর্তন আনাই বর্তমান সরকারের অগ্রধিকারমূলক কাজ।”

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

পরে মন্ত্রী নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। খাল খনন কর্মসূচি উদ্বোধনকালে মন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে সর্বপ্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এই উদ্যোগ অব্যাহত রেখেছে। এই উদ্যোগের লক্ষ্য—সারা দেশের হারিয়ে যাওয়া খাল এবং নদী পুনরুদ্ধার ও খনন করা, যা কৃষি ও মৎস্য সম্পদের জন্য উপকারী হবে। খাল খনন কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে।” 

নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন—নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের খুলনা কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বি এম আব্দুল মোমিন, নড়াইলের পুলিশ সুপার মুহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি—জেনারেল) মো. আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা প্রমুখ। খাল খনন উদ্বোধন শেষে মন্ত্রী ও অন্যান্য অতিথি খালের পাড়ে বনজ, ফলজ ও ওষধি গাছের চারা রোপণ করেন।