শিল্প অধ্যুষিত গাজীপুরে ছোটবড় মিলেয়ে প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে। প্রতি ঈদেই বেতন, বোনাসসহ নানা কারণে জেলার বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তবে, এবারের চিত্র ভিন্ন।
ইতোমধ্যে জেলার ৯৫ শতাংশ কারখানায় বেতন ও ৯১ শতাংশ কারখানায় বোনাস পরিশোধ করা হয়েছে। শ্রমিকরা ঈদের ছুটিতে যাওয়ার আগে বাকি কারখানার বেতন ও বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. আমজাদ হোসেন।
এছাড়া, ঈদযাত্রায় যানজট এড়াতে গাজীপুরের পোশাক কারখানায় এবার ধাপে ধাপে ছুটি দেওয়া হবে।
শিল্প পুলিশ জানিয়েছে, সোমবার (১৬ মার্চ) বিকেলে গাজীপুরের ১০ শতাংশ কারখানা ছুটি হয়েছে। আগামীকাল ২৫ শতাংশ। ১৮ তারিখ প্রায় ৪০ শতাংশ এবং বাকি কারখানা ১৯ তারিখে ছুটি হবে। এবার ঈদে সরকারি ছুটি সাতদিন হলেও পোশাক কারখানায় এ ছুটি ৭-১০ দিনের মতো হচ্ছে।
ঈদযাত্রায় যানজট ও ভোগান্তি এড়াতে ধাপে ধাপে পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া হচ্ছে। পুলিশ ও পোশাক কারখানার মালিকদের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারখানা ও শিল্প পুলিশ সূত্র জানায়, গাজীপুরে বিজিএমইএ ও বিকেএমইএর মোট ২ হাজার ৮৩৪ টি কারখানা রয়েছে। এর মধ্যে এবার ঈদে ছুটি দেওয়া হবে ২ হাজার ৭৫৩টি কারখানায়।
সোমবার ছুটি দেওয়া হয়েছে ৬২টি কারখানায়। মঙ্গলবার ছুটি দেওয়া হবে ৪৪৪টি, বুধবার ১৪১৪টি ও বৃহস্পতিবার ৮৩৩টি কারখানায়। আংশিক ছুটি হয়েছে ৮১টি কারখানায়।
এসপি আমজাদ হোসেন বলেন, “সোমবার বিকেল থেকে পোশাক কারখানা ছুটি শুরু হয়েছে। এবার ছুটি ধারাবাহিকভাবে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অধিকাংশ কারখানায় বেতন-বোনাস দেওয়া হয়েছে। ফলে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ নেই।”
গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের কমিশনার এস এম আশরাফুল আলম বলেন, “মহানগরে যানজট নিরসনে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।”