সারা বাংলা

ঈদে ১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে স্থলবন্দরটিতে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী,  ১৭ মার্চ (মঙ্গলবার) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট সবার সুবিধার কথা বিবেচনা করে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ (শনিবার) থেকে সোনাহাট স্থলবন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।

এ সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তাদের কার্যক্রম পরিচালনার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।