আন্তর্জাতিক

ইরান ও লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা

ইসরায়েলি বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে ‘ব্যাপক আকারের বিমান হামলা’ শুরু করেছে। একইসঙ্গে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতেও হামলা চালানো হচ্ছে। খবর আল-জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে এক পোস্টে জানায়, “আইডিএফ তেহরান জুড়ে ইরানি শাসনব্যবস্থার অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা শুরু করেছে। এছাড়া বৈরুতে হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোর ওপরও অতিরিক্ত হামলা চালানো হচ্ছে।”

আল-জাজিরা জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তেহরানের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উত্তর-পশ্চিমের তাবরিজ শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরানের পশ্চিমে কারাজ এবং দক্ষিণের শহর শিরাজ থেকেও হামলার খবর এসেছে।

তেহরানের কেন্দ্রস্থলের কাছে আন্দারজগু এলাকায় একটি বিশাল বিস্ফোরণ এবং কামরানিয়েহ এলাকায় আইআরজিসি-র আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর একটি ঘাঁটিতে হামলার কথা জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

ইরানি সামরিক বাহিনীর একজন মুখপাত্র আরবি ভাষায় একটি ভিডিও বার্তায় মার্কিন-ইসরায়েলি এই আক্রমণের বিরুদ্ধে তাদের দেশের সংহতি ও প্রতিরোধের কথা ব্যক্ত করেছেন।

ইরানের পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে ইসরায়েলি বিমান বাহিনী সিরিজ বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে তায়েবেহে বিমান হামলার পাশাপাশি প্রচণ্ড কামানের গোলাবর্ষণ করা হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ’র তথ্যানুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান মাজাদেল, কানা ও জিবকিন শহরেও বোমাবর্ষণ করেছে এবং পরে হামলার পরিধি ইয়াতের ও কাফরা এলাকা পর্যন্ত বিস্তৃত করেছে।