নরসিংদী সদর হাসপাতালে ভুয়া স্লিপ তৈরি করে ওষুধ নেওয়ার চেষ্টা করার সময় এক দালাল আটক হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করে তাকে শনাক্ত করার পর আটক করে কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম সাইফুল।
হাসপাতাল সূত্র জানায়, সাইফুল হাসপাতালের বাইরে থেকে একটি ভুয়া স্লিপ তৈরি করে এনে তাতে বিভিন্ন ওষুধের নাম লিখছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এভাবে হাসপাতাল থেকে ওষুধ নিচ্ছিলেন। এই স্লিপ ব্যবহার করে হাসপাতালের স্টোর থেকে ওষুধ নেওয়ার পরিকল্পনা ছিল তার। দালালরা প্রায়ই ভুয়া প্রেসক্রিপশন বা স্লিপ ব্যবহার করে হাসপাতালের ওষুধ সংগ্রহ করে বাইরে বিক্রি করার চেষ্টা করে।
হাসপাতাল কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসলে তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে সাইফুলের সন্দেহজনক কর্মকাণ্ড ধরা পড়লে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, “হাসপাতালে দালালচক্র নির্মূলে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। সোমবার সকালে সন্দেহজনকভাবে ওষুধের স্লিপ লিখতে দেখা গেলে সিসিটিভি ফুটেজ দেখে একজনকে শনাক্ত করে আটক করা হয়েছে।”
তিনি বলেন, “হাসপাতালে রোগীদের সেবা নিশ্চিত করতে এবং দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”