সারা বাংলা

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে চড়ে বাড়ির পথে রওনা হয়েছিলেন এনজিও কর্মী শরিফুল ইসলাম। তবে, তাদের আর বাড়ি পৌঁছানো হলো না। পথে ঘাতক ট্রাকের ধাক্কায় নিভে গেল শরিফুল, তার স্ত্রী ও ছোট ছেলের প্রাণ। এ ঘটনায় গুরুতর আহত বড় ছেলেকে হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদের সামনে দুর্ঘটনার শিকার হন তারা।

মারা যাওয়ারা হলেন- দিনাজপুরের হিলির মনসাপুর এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া আক্তার এবং ছোট সন্তান সোহান। শরিফুল ইসলাম পাটগ্রামে ‘পদক্ষেপ’ এনজিও-তে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে শরিফুল তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে নিজ বাড়ি হিলির দিকে রওনা হন। মির্জারকোট মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শরিফুল, তার স্ত্রী ও ছোট সন্তান সোহান মারা যান। গুরুতর আহত হন বড় সন্তান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।