ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা থেকে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষা করতে গিয়ে নিজেদের ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে ফ্রান্স। মঙ্গলবার (১৭ মার্চ) ফরাসি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের আকাশে ইরানি ড্রোন প্রতিহত করতে রাফাল যুদ্ধবিমানগুলো লাগাতার ব্যবহৃত হওয়ায় ফ্রান্সের কাছে ‘মিকা’ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে।
ফরাসি পত্রিকা লা ট্রিব্রিউন জানিয়েছে, রাফাল যুদ্ধবিমানগুলোর অত্যন্ত দ্রুতগতির ও ঘনঘন এই অভিযানের ফলে ক্ষেপণাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে, যা দেশটির প্রতিরক্ষা মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।
এই পরিস্থিতি প্যারিসকে একটি কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড় করিয়েছে- কীভাবে মধ্যপ্রাচ্যে চলমান অভিযানগুলোর ধারাবাহিকতা বজায় রেখে নিজস্ব দীর্ঘমেয়াদি সামরিক সক্ষমতা বা প্রস্তুতি ধরে রাখা যায়।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে তেহরান ইসরায়েলের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরান থেকে আসা মোট ৩০৪টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৬২৭টি ড্রোন হামলা প্রতিহত করেছে।
আরব আমিরাতে এসব হামলায় এখন পর্যন্ত সাতজন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। এছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আবুধাবি ও দুবাইয়ের অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।