বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আকস্মিকভাবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়ামের ডিপো পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকায় অবস্থিত ডিপোতে পৌঁছান প্রতিমন্ত্রী। তিনি ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জ্বালানি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা আছে কি না, তা জানতে চান তিনি। জ্বালানি তেলের অবৈধ লেনদেন বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন প্রতিমন্ত্রী।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” পরিদর্শন শেষে তিনি সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানিয়েছেন, প্রতিমন্ত্রী মহোদয় আকস্মিকভাবে মেঘনা ডিপো পরিদর্শন করেন। এ সময় তিনি জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশনা দেন।
এ বিষয়ে জানতে মেঘনা ডিপোর ইনচার্জ মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিক বার কল করা হলে তিনি ফোন কেটে দেন।