সারা বাংলা

ট্রাকের ধাক্কায় খাদে এমপিকে বহনকারী মাইক্রোবাস, আহত ৩

বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদকে বহনকারী মাইক্রোবাস খাদে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে। এতে সংসদ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৭টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কুড়িগ্রামের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা থেকে ছেড়ে আসা সংসদ সদস্যের মাইক্রোবাসটি রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় পৌঁছায়। সেখানে বিপরীতদিক থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া গতির ট্রাক সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা সংসদ সদস্যসহ কয়েকজন আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সংসদ সদস্যকে বহনকারী মাইক্রোবাসে ধাক্কা দেয়। ফলে মাইক্রোবাস সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ কিছুটা আহত হন। তার গাড়ির চালক এবং একজন সহযাত্রী গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

                                                     দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস

সংসদ সদস্যদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ জানান, সড়কে ট্রাফিক শৃঙ্খলা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সংসদ সদস্য সুস্থ আছেন এবং নিজ বাড়িতে অবস্থান করছেন। গুরুতর আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আতিকুর রহমান মোজাহিদ জাতীয় নাগরিক দলের (এনসিপি) মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য। কুড়িগ্রাম জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, এটি নিছক সড়ক দুর্ঘটনা। পরিকল্পিত ঘটনা নয়। কেউ গুজব ছড়াবেন না। আপনাদের দোয়ায় সংসদ সদস্য সুস্থ রয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।