সারা বাংলা

নিখোঁজের ৪ দিন পর ইটভাটায় মিলল যুবদল নেতার মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের চার দিন পর ইউসুফ খান (৩২) নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামে আলমাসের ইটভাটায় মাটির স্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইউসুফ খান আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ইউসুফ খানের ভাতিজা নীরব খান জানিয়েছেন, শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ইউসুফ খান বাড়ির বাইরে যান। এর পর তিনি আর বাড়িতে ফেরেননি। এ ঘটনায় ইউসুফ খানের বোন পান্না আক্তার ১৫ মার্চ মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ইউসুফ খান নিখোঁজের ঘটনায় পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটায় মাটির স্তূপের নিচ থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, শনিবার মাটি বহনকারী একটি ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যায়। এ নিয়ে হানিফের সঙ্গে ইউসুফের বাগবিতণ্ডা হয়। তাদের ধারণা, মাটির ব্যবসাকে কেন্দ্র করে ইউসুফকে হত্যা করা হয়েছে।

মির্জাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেছেন, ইউসুফের মুখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।