সারা বাংলা

কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই

পটুয়াখালীর বাউফলে এক কুরিয়ার কর্মীকে ছুরিকাঘাত করে ৮৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাউফল পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত রাকিবুল হাসান (২৭) স্টিড ফাস্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত। তিনি জানিয়েছেন, পণ্য ডেলিভারি করতে যাওয়ার পথে দুজন অজ্ঞাত যুবক তার গতিরোধ করে। তারা গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখায় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তার সঙ্গে থাকা নগদ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রাকিবুল হাসান আরো জানান, ছিনতাইয়ের সময় আশপাশে লোকজন না থাকায় তাৎক্ষণিক কোনো সহায়তা পাননি তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি থানায় জানানো হয়। 

স্থানীয়রা আহত রাকিবুল হাসানকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেছেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।