ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ইমন (১৮) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার খুরশীদমহল ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার হয়। পুলিশের ধারণা, দুবৃর্ত্তরা ইমনকে নির্জন স্থানে হত্যা করে নদীতে ফেলে যায়।
নিহত ইমন কিশোরগঞ্জের হোসেনপুর পৌর শহরের মীরপাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ আহমেদ ছেলে। তার ‘সুর্বণা জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকান আছে। ইমনের বড় ভাই লিমনও একজন স্বর্ণ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে নদীতে ভাসমান অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করে।
ইমনের মা বলেন, “আমার ছেলের কোনো শত্রু নেই। আমাদের পরিবার সবাই ব্যবসায়ী। রাত পর্যন্ত সে দোকানে ছিল। সকালে বাড়িতে না ফেরায় আমরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে শুরু করি।”
পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।”